চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে চট্টগ্রামে আরও একটি মামলা হয়েছে।
রোববার দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে দুজনকে। তারা হলেন- সিদ্দিক আহমেদ ওরফে সিদ্দিক কমান্ডার এবং মোহাম্মদ ইউনুস।
বিচার বিভাগীয় হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা জিয়াবুল হোসেন মামলাটি করেন।
বাদিপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ধর্মপুরে বাদির মামা আবু ইউসুফ চৌধুরীকে হত্যাসহ বাড়িঘর লুটপাট করার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অপর বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে চন্দনাইশের হাজীপাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন ৪ ব্যক্তির বিরুদ্ধে হত্যা, লুটপাট, ধর্ষণ ও বাড়িঘর পোড়ানোর অভিযোগ এনে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24