২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারে শনিবার বিকেলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। দুপুরে সিলেটে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে শনিবার বিকেলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। দুপুরে সিলেটে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে বিকেল ৩টার দিকে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমোখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহতের স্বজনরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, কাভার্ড ভ্যান ও লাশ দু'টি গাবতলী এলাকায় তাদের হেফাজতে নিয়ে যায়। নিহতদের পরিচয় বের করার চেষ্টা চলছে। লাশ বা যানবাহনগুলো না পাওয়ায় এখনও কোনো মামলা হয়নি বলে তিনি জানান। সিলেট প্রতিনিধি জানান, সিলেট-তামাবিল সড়কে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে কাছে বাসের ধাক্কায় সালমা বেগম (২০) নামের একজন মারা যান। সালমা দরবস্ত গ্রামের মহসিন মিয়ার স্ত্রী। তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে জাফলংগামী দ্রুতগতির একটি বাস সালমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.