চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া বাসায় ঢোকে ভিডিও চিত্র ধারণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার আফসারুলের উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আশরাফুল ইসলামকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্ত আসামি আশরাফ জামিনে আছেন।
বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ শুনানি শেষে বিচারক কনস্টেবল আশরাফকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ২৮ ডিসেম্বর এই মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।
২০০৪ সালের ২৯ নভেম্বর মহানগর ছাত্র লীগ নেতা মহিমউদ্দিন র্যাবের 'ক্রসফায়ারে' মারা যায়। নগরীর গোলপাহাড় মোড়ে নিহত মহিমের বাসার পাশেই থাকতেন নগর আওয়ামী লীগের তখনকার সাংগঠনিক সম্পাদক আফসারুল আমীন।
ওইদিন নগর আওয়ামী লীগ নেতারা সমবেদনা জানাতে মহিমের বাসায় যান। এক পর্যায়ে নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আশরাফ অনুমতি ছাড়াই আফসারুল আমীনের বাসায় ঢুকে ভিডিও চিত্র ধারণ করেন।
ইফতেখার সাইমুল জানান, ওই বছরের ১২ ডিসেম্বর আফসারুল আমীন বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে কনস্টেবল আশরাফকে অভিযুক্ত করে এ মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২৩২২ ঘ.
bdnews24