ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করে বৃষ্টির পানি সংরক্ষণ ও অপ্রয়োজনীয় পানি পরিশোধন করে সরবরাহ করা হবে ঢাকায়।
মীরপুরের গোড়ান চটবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পানি রক্ষণাগারে পরিশোধনের কাজ করা হবে।
দৈনিক আড়াই কোটি লিটার পরিশোধিত পানি ওয়াসার মাধ্যমে সরবরাহ করার লক্ষ্যে ঢাকা ওয়াসা ও আরডিএ কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান ও আরডিএ'র মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এতে সই করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সচিব মনজুর হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় সচিব সমর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আরডিএ'র উদ্ভাবিত প্রযুক্তিতে পানি বিশুদ্ধকরণের মাধ্যমে নগরবাসীর কাছে সরবরাহের এ উদ্যোগ ঢাকার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এতে মিরপুর ও নতুন করে গড়ে ওঠা উত্তরা দ্বিতীয় প্রকল্পের বাসিন্দাদের পানি সঙ্কট দূর করবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।"
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জানান, আরডিএ নিজস্ব অর্থায়নে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এ কাজটি করবে। এ জন্য তারা মাত্র ৮৫ শতাংশ মূল্য নেবে। তবে তা নেবে দুই বছর পর থেকে। এতে ওয়াসার পানি সমস্যার বড় ধরনের সমাধান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯০৫ ঘ.
bdnews24