ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলায় বিগত জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও তার ভাই মাওলানা তাজউদ্দিনের ভায়রা হাফেজ আবু তাহেরকে তিন দিন করে পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মো. শাহাদত হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ গত ২৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য পিন্টুকে ১০ দিন ও তাহেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
তবে আদালত তিন দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের আলাদা দুটি মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের বিচারক মো. মাসদার হোসেন।
এর আগে গত ২৫ জুন রাষ্ট্রপক্ষ থেকে মামলা দুটো অধিকতর তদন্ত করার জন্য আবেদন করা হয়েছিল।
আবেদনে বলা হয়েছিল, গ্রেনেড হামলা ঘটনায় ব্যবহৃত আর্জেস গ্রেনেডের উৎস এবং এর সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে বিশেষজ্ঞ শ্রেণীর কারা জড়িত তা উদঘাটনের জন্য অধিকতর তদন্ত করা প্রয়োজন।
বৃহস্পতিবার আব্দুস সালাম ও আবু তাহেরকে বিকাল চারটায় মহানগর হাকিম শাহাদত হোসেনের আদালতে নেওয়া হয়।
এ সময় রিমান্ড আবেদনের ওপর বক্তব্য রাখেন এ মামলায় সলিসিটর উইং থেকে নিয়োগ পাওয়া রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও মোখলেসুর রহমান বাদল।
আদালতে তারা বলেন, "মামলার নথিপত্র পর্যালোচনা এবং অধিকতর তদন্তে পাওয়া তথ্যে দেখা যায়, ঘটনা সংঘটনের আগে আব্দুস সালাম উপমন্ত্রী ছিলেন। ওই সময় তার ধানমন্ডির সরকারি বাসভবনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রসভা হয়।"
তারা আরও বলেন, "অভিযুক্ত পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনও এ হত্যাকান্ডে জড়িত। মামলার ঘটনায় ব্যবহৃত গ্রেনেড সংগ্রহ ও সরবরাহের ব্যাপারে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার তথ্য প্রমান পাওয়া গেছে।
"তাই গ্রেনেডের উৎস ও জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য আব্দুস সালামকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"
অপর আসামী হাফেজ আবু তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে একই রকম বক্তব্য উপস্থাপন করা হয়।
এ সময় অভিযুক্ত দুজনের রিমান্ড বাতিল চেয়ে আদালতে বক্তব্য রাখেন সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, জমিসউদ্দিন প্রমূখ।
তারা বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য অভিযুক্তদের রিমান্ডের আবেদন করা হয়েছে। একবার মামলার চার্জশিট হয়ে গেলে অধিকতর তদন্ত পর্যায়ে চার্জশিটভূক্ত কোন আসামিকে রিমান্ডে নেওয়া যায় না।"
এ সময় তারা আইনের ব্যাখ্যাও আদালতে উপস্থাপন করেন।
একপর্যায়ে তারা আবদুস সালাম পিন্টুকে অসুস্থ দাবি করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।
এদিকে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে মিরপুরের ডা. আজিজুর রহমান হত্যা মামলায় দুই দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মহানগর হাকিম মুমিনুল হাসান এই আদেশ দেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে।
ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএইচ/২০৪২ ঘ.
bdnews24