চাঁদপুর, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চাঁদপুরের মেঘনা নদীতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ৪৬৯ বস্তা চাল ও গম আটক করেছে উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ছয় শ্রমিককেও আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তারা বলেছেন, বৈধ কাগজপত্র না থাকায় এ চাল ও গম আটক করা হয়েছে। এর মধ্যে ২৩৮ বস্তা চাল ও ২৩১ বস্তা গম রয়েছে। ট্রলারে চাল ও গম ছাড়াও ৭৬টি কাগজের কার্টুন ও ১৫০টি খালি প্লাস্টিকের ড্রাম পাওয়া গেছে।
আটককৃত শ্রমিকরা হলেন- শরীয়তপুরের ফারুক (৩৫), বাচ্চু মিয়া (২৭), দিদার (৩৪), চাঁদপুরের সোলেমান (৩২), নূরুল ইসলাম (২৮) ও পিরোজপুরের আব্দুল কুদ্দুস (৩২)।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তা ছিদ্দিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কোস্টগার্ড সদস্যরা চাঁদপুরের হরিনায় মেঘনা নদীতে টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকা দিয়ে পটুয়াখালীর কালাইয়া থেকে 'মা-বাবার দোয়া' নামে একটি ট্রলার নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রলারটিকে থামার সংকেত উপক্ষো করে পালানোর চেষ্টা করলে এটিকে আটক করা হয়।
তিনি জানান, কোস্টগার্ডের ধারণা- চাল ও গম সরকারি গুদাম থেকে পাচার করা হচ্ছিল। চাল ও গম চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়া আটককৃত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কোস্টগার্ড কর্মকর্তা ছিদ্দিক জানান।
আটককৃত শ্রমিক নূরুল ইসলাম কোস্টগার্ডের হেফাজতে থাকায় অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটির মালিক শরীয়তপুরের তারাবুনিয়া এলাকার জলিল মাঝি। কালিহাতির বাবুল শাহ'র নির্দেশে মালগুলো নারায়ণগঞ্জের রফিক ট্রেডার্সে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কাগজপত্র লাগবে বলেও তাদের আশ্বস্ত করেন বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএ/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24