সুনামগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের হাছন রাজা জাদুঘর সংলগ্ন মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
মরমী কবি হাছন রাজার নাতি ও নবনির্বাচিত সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের বিজয় উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি শুরু হওয়ার পর সাবেক পৌর কাউন্সিলর সামরান আলীর নেতৃত্বে স্থানীয় তেঘরিয়া মাদ্রাসার ছাত্ররা মিছিল করে অনুষ্ঠানস্থলে আসে এবং অনুষ্ঠান বন্ধের দাবি জানায়। মিছিলে মাদ্রাসার দুজন শিক্ষকও ছিলেন।
এ ব্যাপারে দেওয়ান জয়নুল জাকেরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় কিছু লোক আনন্দ অনুষ্ঠানটি বন্ধ করার দাবি জানালে বাধ্য হয়েই অনুষ্ঠানটি বন্ধ করে দেই।"
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ধরনের হাঙ্গামা ঘটেনি বলে তিনি জানান।
অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে সামরান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষ্ঠানস্থলের কাছাকাছি মসজিদ ও মাদ্রাসা অবস্থিত। মুসল্লি ও ছাত্রদের অসুবিধা হবে বিধায় আমরা অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ করেছি।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলে তেঘরিয়া কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়। এ সময় তারা অনুষ্টান বন্ধের দাবিতে মিছিল করে।
হাছন রাজার বাড়ি সংলগ্ন মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে হামলা চালানোর হুমকি দিলে আয়োজকরা বাধ্য হয়ে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বন্ধ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24