ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর লালবাগ এলাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ একটি লাশের মাথা ছাড়া ১২টি খণ্ডিত অংশ উদ্ধার করেছে।
নাজিমউদ্দিন বাদশা নামের এক ব্যক্তি দেহের টুকরোগুলো তার ভাই ফোন-ফ্যাক্স ব্যবসায়ী আজগরের বলে সনাক্ত করেছেন। আজগর বুধবার রাত থেকে নিখোঁজ।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জহির ও সাইফুল নামের স্থানীয় দুই সন্ত্রাসীকে আটক করেছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ পলাশীর মৌচাক কলোনীর পেছনের গলি থেকে তিন টুকরো, শহীদ নগর সাতনং গলি থেকে তিন টুকরো ও চম্পাতলীর একটি গলি থেকে ছয় টুকরো শরীরের অংশ উদ্ধার করে পুলিশ। টুকরোগুলো পলিথিন ব্যাগ দিয়ে মোড়ানো ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজগরকে সর্বশেষ জহিরের সঙ্গে দেখা গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া মৃতদেহ সনাক্তকারী আজগরের ভাই নাজিমউদ্দিনও জহিরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তাই জহিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৩২ নং রাজনারায়ণ রোডে তার ভাই আজগরের একটি ফোন-ফ্যাক্সের দোকান রয়েছে। কিছুদিন আগে স্থানীয় সন্ত্রাসী জহির ও আরো কয়েকজন কেবল টিভি ব্যবসার জন্যে তিনলাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দেওয়ার কারণেই প্রতিহিংসাপরায়ণ হয়ে জহিররা তাকে হত্যা করেছে বলে দাবি করেন নাজিমউদ্দিন।
তিনি জানান, বুধবার রাত নটার দিকে জহির দোকান থেকে আজগরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তবে জহির ওই সময়ে আজগরের সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও তবে হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেছে। জহির বলছে, সে আজগরসহ মোট সাতজনকে নিয়ে কেবল টিভি ব্যবসা করার পরিকল্পনা করেছিল।
আমাদের মিটফোর্ড প্রতিনিধি জানিয়েছেন, বৃহস্পতিবার লালবাগ ও পুরনো ঢাকার দুইশর বেশি মানুষ 'চিহ্নিত সন্ত্রাসী' হিসেবে পরিচিত জহিরের শাস্তি দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। বিকালে মিছিল নিয়ে এসে তারা লালবাগ থানার সামনে অবস্থান নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএইচ/এসকে/১৮৫৯ঘ.
bdnews24