ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর ও চট্টগ্রাম থেকে হেরোইনসহ বেশ কিছু মাদকদ্রব্য আটক করেছে র্যাব।
এর মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে এক কেজি হেরোইনসহ ইদ্রিস শেখ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে আনোয়ারা উপজেলার গহিরা থেকে এক হাজার ১২ বোতল বিদেশি মদ এবং আগের রাতে নগরীর ডিটি রোড থেকে পাঁচ'শ বোতল ফেনসিডিল আটক করা হয়। প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয় আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, হেরোইন উদ্ধারের ঘটনায় বোয়ালমারী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, র্যাব-১ এর কর্মকর্তা এএসপি আবুল হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা ক্রেতা সেজে ইদ্রিসের বাড়িতে হেরোইন কিনতে যায়। র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে এক কেজি হেরোইনসহ বিক্রেতা ইদ্রিসকে গ্রেপ্তার করে। পরে ইদ্রিসকে বোয়ালমারী থানায় সোপর্দ করা হয়।
চট্টগ্রাম অফিস জানায়, র্যাব এর একটি দল বুধবার রাতে নগরীর ডবলমুরিং এলাকার ডিটি রোডের রিগ্যাল হোটেলের সামনে থেকে পাঁচশ বোতল ফেনসিডিলসহ কাদেরকে গ্রেপ্তার করে। এ সময় একটি প্রাইভেট কারও আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের স্বীকার করেছেন- এসব ফেনসিডিল ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা হয়েছে এবং তিনি দীর্ঘদিন থেকে নগরীতে মাদকব্যবসার সঙ্গে জড়িত।
আনোয়ারার গহিরা সমুদ্র সৈকত থেকে চোরাচালানকারীরা নগরীতে বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাব বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে অভিযান চালায়।
এএসপি সারোয়ার জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও সমুদ্র সৈকত থেকে পাঁচ'শ ৭০ বোতল ড্রাই জিন এবং চার'শ ৪২ বোতল লন্ডন রাম উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24