২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন সচিবের বিরুদ্ধে মামলা করবে বিচারকরা

বিচারকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করবে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করবে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে অ্যাসোসিয়েশনের জরুরি এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গত সোমবার সংবাদ সম্মেলনে আইন সচিবের বক্তব্যের উপর নিন্দা প্রস্তাবও গ্রহণ করা হয়। গত ২৩ জানুয়ারি আইন সচিবের অপসারণের দাবিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সভায় হাবিবুল আউয়ালকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ 'অবৈধ' বলে অভিহিত করে বিচারকরা বক্তব্য রাখেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিচারকদের বিরুদ্ধে 'ব্যক্তিগত আক্রমণের' অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন আইন সচিব। বুধবারের সভায় বিচারকরা অভিযোগ করেন, সোমবার আইন সচিব 'বিচারকরা ট্রেড ইউনিয়নের মতো আন্দোলন করছে' এ ধরনের বক্তব্য দিয়েছেন; তিনি অন্যায় করেছেন। তারা দাবি করেন, তারা কখনোই আইনসচিবকে ব্যক্তিগত আক্রমন করে বক্তব্য দেননি। তার পরও আইনসচিব তাদের সম্পর্কে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অশালীন বক্তব্য রেখেছেন। আইন সচিবের ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিচারকরা। সভায় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল গফুর, শেখ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ জাহাঙ্গীর হোসেন বাদল, ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মাসদার হোসেন, ঢাকার বিচারক মফিজুল ইসলাম, নেত্রকোনায় মুখ্য বিচারিক হাকিম গোলাম কিবরিয়া, আইন কমিশনের সচিব জাহাঙ্গীর সরকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২২১০ ঘ.