২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তিতে আগুন:লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর থানা এলাকার উত্তর জুরাইনে মঙ্গলবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের পর বুধবার সকালে সেখান থেকে একজনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুর থানা এলাকার উত্তর জুরাইনে মঙ্গলবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের পর বুধবার সকালে সেখান থেকে একজনের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। এই অগ্নিকাণ্ডে দেড়শ'র বেশি ঘর পুড়ে গেছে। শ্যামপুর থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উত্তর জুরাইনে আফাজউদ্দিনের বস্তিতে রান্নাঘর থেকে আগুন লাগে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ব্যক্তি মালিকানাধীন এই বস্তি ডোবার মধ্যে বাঁশের খুঁটি দিয়ে তৈরি। মঙ্গলবার রাতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ভোর রাতের দিকে জানা যায় বস্তির এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দমকল বাহিনীর ডুবুরীরা ডোবায় নেমে নিখোঁজ বৃদ্ধ লালু পালোয়ানের লাশ উদ্ধার করে। তার পুরো শরীর দগ্ধ হয়েছে। প্রায় ৭০ বছর বয়সের এই বৃদ্ধ প্যারালাইসিসে ভুগছিলেন। আত্মীয় স্বজনের অনুরোধে কোনো ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জিএনএ/১৯৪০ ঘ.