ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্নার মৃত্যুর ঘটনায় গুলশানের ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক এ আদেশ দেন। আদেশে বলা হয়, "চিকিৎসকদের অবহেলায় মান্নার মৃত্যু হয়েছে এবং এটি অবহেলাজনিত হত্যা।"
হাকিম দীর্ঘ বিচার বিভাগীয় তদন্ত শেষে মামলাটি অবহেলাজনিত হত্যা এ অভিমত দিয়ে এবং সাক্ষ্যপ্রমাণ ও আলামত নষ্ট করার অভিযোগ আমলে নিয়ে ওই চিকিৎসকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
চিকিৎসকরা হচ্ছেন- এনায়েত হোসেন, জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, মোমেনুজ্জামান, খন্দকার মাহাবুব সোহাইল, ফাতেমা এবং মাইনুল ইসলাম মজুমদার।
গত বছরের ১৭ ফেব্র"য়ারি জনপ্রিয় অভিনেতা মান্না বুকে ব্যথায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ সময় পরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন। চিকিৎসক আসার আগে তার মৃত্যু হয়।
মৃত্যুর সাত মাস পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মান্নার স্ত্রীর বড় ভাই রেজা কাদের বাদী হয়ে অবহেলাজনিত হত্যার মামলা করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বাদী রেজা কাদেরের আইনজীবী ব্যারিস্টার কে এম মুশফিকুল হুদা এবং অ্যাডভোকেট শামসুল আরেফিন।
প্রসঙ্গত, মামলাটিতে বিচারবিভাগীয় তদন্ত প্রতিবেদন দিয়েছেন ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৩৩৭ঘ.
bdnews24