ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'ব্যক্তিগত ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব' থেকে উপজেলা নির্বাচনে সংঘাত হয়েছে বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির প্রথম সভা শেষে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হচ্ছে তৃণমূল পর্যায়ের নির্বাচন। এখানে অনেকের ব্যক্তিগত ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থাকে। তাই অনেক ক্ষেত্রে বেশ কিছু সংঘাতের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।"
গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের দিন ৯৯ ভাগ এলাকায়ই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে বলে দাবি করেছিলেন প্রতিমন্ত্রী।
সোহেল তাজ সাংবাদিকদের বলেন, "নির্বাচনের কারণে পরবর্তী ১৫ দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তাদেরকে 'ব্ল্যাঙ্ক চেক' দিয়ে দেওয়া হয়েছে। তারা ইচ্ছা করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।"
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ কমিটির সংশ্লিষ্ট সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্ব ইজতেমার নিরাপত্তার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
২১ ফেব্র"য়ারির অনুষ্ঠানে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে তথ্যমন্ত্রীর আশঙ্কা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, "এ বিষয়ে সুর্নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
বিগত সরকারের সময় কথিত রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা প্রায় ৭০ হাজার মামলার ভবিষ্যৎ এবং বর্তমান সরকার নতুন করে কোনো মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এএল/এসকে/২৩৪৩ঘ.
bdnews24