ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বের বিভিন্ন দেশের আকাশে সোমবার দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে এদিন আংশিক গ্রহণ দেখতে পারবে বাংলাদেশের মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের আকাশে বিকাল সোয়া ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে গ্রহণ শুরু হবে। শেষ হবে সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে।"
তিনি জানান, ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রহণ হবে, আর গ্রহণের মাত্রা হবে দশমিক ০৫ থেকে দশমিক ০১২।
তবে দিনাজপুর ও লালমনিরহাট জেলার উত্তরাংশ এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও গ্রহণের উত্তর সীমার বাইরে থাকায় এসব জেলায় গ্রহণ দেখা যাবে না বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৬ মিনিটে পৃথিবীর অন্যান্য অঞ্চলে এ গ্রহণ শুরু হবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
এদিকে, 'অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান ক্লাব' ও পূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ জাতীয় কমিটি সূর্যগ্রহণ পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে। বিজয় সরণি সংলগ্ন ভাসানী নভোথিয়েটারে গ্রহণ পর্যবেক্ষণ করবে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান ক্লাব।
জনসাধারণ ও স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এজন্য দুপুর ৩টায় নভোথিয়েটারে নাম অর্ন্তভূক্ত করতে হবে।
পূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ জাতীয় কমিটি রায়ের বাজারে বধ্যভূমির পাশে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়াও এ সংগঠন সূর্যগ্রহণ বিষয়ে কর্মশালার আয়োজন করেছে।
সতর্কতা: খালি চোখে সূর্যগ্রহণ দেখা বিপদজ্জনক
চোখের জন্য প্রয়োজনীয় ফিল্টার ছাড়া গ্রহণ পর্যবেক্ষণ অনিরাপদ। ব্যবহৃত এক্স-রে ফিল্ম বা এর বিকল্প হিসেবে সস্তা দামের ১৩, ১৪ ও ১৫ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করা যেতে পারে। এছাড়া পানি ভরা পাত্রে হলুদ গুলিয়ে সূর্যের ছায়া দেখার পদ্ধতি অনেকটা নিরাপদ বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২১৫৯ঘ.
bdnews24