ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের সাংসদদের আসন বিন্যাসের বিষয়ে স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
স্পিকারের এই সিদ্ধান্তকে তিনি 'ট্রেজারি বেঞ্চ ও সংসদ নেতার প্রতি অবমাননা' বলে অভিহিত করেছেন।
এর আগে শনিবার বিদায়ী স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার সংসদে বিরোধী দলের সাংসদদের আসন বিন্যাসের বিষয়ে চিফ হুইপের প্রস্তাব নাকচ করে দেন।
পাশাপাশি এ বিষয়ে হুইপের প্রস্তাব 'এখতিয়ার-বহির্ভূত' বলেও মন্তব্য করেন তিনি।
সরকারি দলের চিফ হুইপ আবদুস শহীদ স্পিকারের বাঁ পাশের প্রথম সারিতে শুধু দুইজন সাংসদকে সঙ্গে নিয়ে বিরোধী দলের নেতার বসার প্রস্তাব করেন। এছাড়া বাকি সাংসদদের সারিবদ্ধভাবে তাদের পেছনে কলাম অনুযায়ী বসার প্রস্তাব করেন।
রীতি অনুযায়ী স্পিকারের বাঁ পাশে শুধু বিরোধী দল ও ডান পাশে সরকারি দলের সদস্যরা বসেন।
তবে স্পিকার জমিরউদ্দিন সরকার সরকারি দলের চিফ হুইপের ওই প্রস্তাব নাকচ করে দিয়ে তার বাঁ দিকের প্রথম সারির ১০টি আসন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া দ্বিতীয় সারির ১২টি আসনও বিরোধী দলের সাংসদের দেওয়ার নির্দেশ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ সারির ৫টি করে আসনও বিরোধী দলের জন্য সংরক্ষণ করতে বলেন স্পিকার।
এ বিষয়ে চিফ হুইপ বলেন, "ইতোমধ্যে আমি ফোন করে এই একতরফা সিদ্ধান্তের ব্যাপারে তার (স্পিকার) কাছে ব্যাখ্যা চেয়েছি।"
চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, স্পিকার তার সঙ্গে আলাপে দাবি করেন, "সংসদীয় রীতি এবং কার্যপ্রণালীবিধি অনুযায়ী আমার কাছে যা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আপনি যদি মনে করেন আমার সিদ্ধান্ত ভুল তাহলে সে ব্যাপারে পরবর্তী স্পিকার সিদ্ধান্ত নিতে পারেন।"
এর আগে বিডিনিউজের সঙ্গে আলাপকালে বিদায়ী স্পিকার একই সুরে কথা বলেন।
আব্দুস শহীদ আরও বলেন, "আসন বিন্যাসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিদায়ী স্পিকার সরকার ও বিরোধী দলকে আমন্ত্রণ জানাতে পারতেন।"
" পূর্ববর্তী স্পিকার আসন বিন্যাসের বিষয়ে দুই পক্ষের মতামত নিয়েছিলেন। তবে এই বিদায়ী স্পিকার একতরফা সিদ্ধান্ত নিয়ে সংসদের ইতিহাসে একটি নেতিবাচক উদহারণ সৃষ্টি করলেন।"
কার্যপ্রণালীবিধির ৭ বিধি অনুযায়ী আসন বিন্যাসের বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। এই ধারা অনুযায়ী স্পিকার সরকারি দলের সিদ্ধান্ত গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/এসকে/২১৪১ঘ.
bdnews24