ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্থানীয় সরকার পরিষদগুলোতে সাংসদদের স্পষ্ট ভূমিকার পক্ষে মত দিলেন এ সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক।
সাংসদদের ভূমিকা 'নিশ্চিত করতে' তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত স্থানীয় সরকার কমিশনের সঙ্গে বুধবার আলোচনা শুরু করেছে মন্ত্রণালয়।
প্রথমদিনের আলোচনায় তেমন কোন সিদ্ধান্ত না হলেও কমিশনের চেয়ারম্যান সাংসদদের ভূমিকার পক্ষে মত দেন।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা স্থানীয় সরকার পরিষদ অধ্যাদেশগুলোতে সাংসদদের কোন ভূমিকা নেই। এতে পরিষদগুলোকে অনেক শক্তিশালী করা হয়েছে। কিন্তু সাংসদরাও তো স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিশ্র"তি দিয়ে নির্বাচিত হয়েছেন। তাই তাদের ভূমিকা নির্ধারণ করা উচিৎ।"
কমিশন চেয়ারম্যান বলেন, "সরকারও চায়, দু'পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করতে।"
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন ফয়জুর রাজ্জাক।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার তার কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনারের সঙ্গে বৈঠক করেন। কমিশনার দুজন হচ্ছেন- ড. তোফায়েল আহমদ ও হেদায়েতুল ইসলাম চৌধুরী।
বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক সাংবাদিকদের জানান, এটি নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম ও সৌজন্য সাক্ষাৎ হলেও স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় কোথায় কি কি করা দরকার, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে কোন কিছুই চূড়ান্ত করা হয়নি। এজন্য আলোচনা চালিয়ে যেতে হবে।
চেয়ারম্যান বলেন, "আমরা আইনের ভিত্তিতে ও বাস্তবতার আলোকে বিষয়টি দেখছি। তবে স্থানীয় সরকার কমিশন কখনোই চাইবে না, স্থানীয় সরকার পরিষদ দুর্বল হোক।"
স্থানীয় সরকার, বিশেষ করে উপজেলা পরিষদে সাংসদদের ভূমিকার মাত্রা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ আছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত স্থানীয় সরকার কমিশন এবং জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশগুলো বাতিলের জন্য ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার বুধবার তোলা দাবি প্রসঙ্গে মন্তব্য করতে বললে কমিশনের চেয়ারম্যান ফয়জুর রাজ্জাক কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বৈঠকের ব্যাপারে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৫২ঘ.
bdnews24