২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ভাইকে হারিয়ে মেঘনাতীরে কালামের হাহাকার

চার ভাইয়ের লাশ সামনে নিয়ে হাহাকার করছিলেন আবুল কালাম। দুর্ঘটনার খবর শুনে পাবনা থেকে আসা কালাম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমাগো অহন কি অইবো। ভাইগো লাশ নিয়ে কেমনে বাইত যামু। তাগো বউ-পোলাপাইনরে কি কমু।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার ভাইয়ের লাশ সামনে নিয়ে হাহাকার করছিলেন আবুল কালাম। দুর্ঘটনার খবর শুনে পাবনা থেকে আসা কালাম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমাগো অহন কি অইবো। ভাইগো লাশ নিয়ে কেমনে বাইত যামু। তাগো বউ-পোলাপাইনরে কি কমু।" রোববার রাত ৩টার দিকে তেলবাহী জাহাজের ধাক্কায় মাটিভর্তি ট্রলার ডুবিতে মারা গেছেন তার চার ভাই। এরা হলেন- আলহাজ (২২), নূরু মিয়া (২৭), আলাউদ্দিন (৩০) ও শাহ আলম (২৮)। চাঁদপুরে মাটি কাটার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে ট্রলারে ফিরছিলেন মুন্সীগঞ্জের জাজিরায়। ট্রলার ডুবির খবর পেয়ে মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী ঘাটে ছুটে এসেছেন কালাম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে একমাত্র চাকরিজীবী কালাম মৃত ভাইদের স্ত্রী ছেলে-মেয়েদের কী হবে- এ ভেবে দিশেহারা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই আলহাজের এক ছেলে, এক মেয়ে; নূরু মিয়ার দুই মেয়ে; আলাউদ্দিনের এক ছেলে, এক মেয়ে ও শাহ আলমের এক ছেলে, এক মেয়ে রয়েছে। কিছুক্ষণ পর পর চার ভাইয়ের লাশের দিকে তাকিয়ে অঝোরে কাঁদছিলেন তিনি। মতলব উত্তরের দশানী লঞ্চ ঘাট এলাকায় ডুবে যাওয়া ওই ট্রলারের ৫০ শ্রমিকের মধ্যে ২৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ওই সময় বাকিরা ঘুমিয়ে ছিলেন। ট্রলারটি চাঁদপুরের আলুরবাজার থেকে মাটি নিয়ে মুন্সীগঞ্জের জাজিরা নামক এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডুবুরীরা ২২ জনের লাশ উদ্ধার করে। বাকি দুজনকে উদ্ধার করা যায়নি। ট্রলারটির সন্ধানও মেলেনি। মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মেঘনায় নিখোঁজ কালামের চার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছি। মৃতদেহ চারটি পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারের কাছে হস্তান্তর করা হবে।" ছাইখোলা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার মেঘনা থেকে উদ্ধারকৃত তার এলাকার লোকজনের লাশ নেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪০ ঘ.