২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ও অর্থনীতি সংশ্লিষ্ট অধ্যাদেশ অগ্রাধিকার পাবে: আইন মন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের জারি করা ১১৭ অধ্যাদেশের মধ্যে নির্বাচন ও অর্থনীতি সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সবার আগে অনুমোদন করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের জারি করা ১১৭ অধ্যাদেশের মধ্যে নির্বাচন ও অর্থনীতি সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো সবার আগে অনুমোদন করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সোমবার আইন মন্ত্রণালয়ে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়নের সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশের মধ্যে নির্বাচন ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়গুলোকে আগে অনুমোদন দেওয়া হবে। অন্যগুলোর ব্যাপারে সংসদে বিল উত্থাপন করা হবে এবং সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।" তবে যেসব অধ্যাদেশ ইতোমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে, সেসব বিষয় সংসদে তোলা হবে না বলেও জানান শফিক আহমেদ। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "ট্রুথ কমিশনসহ বেশ কিছু অধ্যাদেশ রয়েছে যেসব বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নেবে না বা নেওয়ার প্রয়োজন হবে না।" এদিকে, আইন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি। সাক্ষাতের পর রেনেটা লক ডেসালিয়ন সাংবাদিকদের বলেন, "ইউএনডিপি জাতীয় মানবাধিকার কমিশনকে সহায়তা দিতে আগ্রহী। আমার মতে, মানুষকে দ্রুত আইনি সহায়তা দিতে এ সংস্থাটি আরো শক্তিশালী হওয়া উচিৎ।" এ ব্যাপারে আইন মন্ত্রী বলেন, সাক্ষাতে ইউএনডিপি কর্মকর্তারা জাতীয় মানবাধিকার কমিশনসহ বিচার বিভাগ সংশ্লিষ্ট আরো কিছু নতুন প্রকল্পে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন। ইউএনডিপি বর্তমানে আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/১৯০৯ঘ.