ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী আগামী ৮ ফেব্রুয়ারি দু'দিনের সফরে বাংলাদেশ আসছেন।
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর এটিই হবে প্রথম কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর প্রণব মুখার্জীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
হাই কমিশনার জানান, প্রণব মুখার্জী তার এ সফরে প্রস্তাবিত আঞ্চলিক সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স নিয়ে আলোচনা করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিনাক রঞ্জন বলেন, "ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এবং ৯ ফেব্র"য়ারি দেশে ফিরে যাবেন।"
সন্ত্রাস দমনে প্রস্তাবিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান ভারতীয় হাই কমিশনার।
দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানান পিনাকরঞ্জন।
পরে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন জানান, সফরকালে প্রণব মুখার্জী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২১২১ঘ.
bdnews24