ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৃশ্যত শারীরিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো গৃহবধূটির নাম কাজী কাইমুন জেরিন তন্বী।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক নাসিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে স্বামী কামাল হোসেন তন্বীকে গুরুতর আহত অবস্থায় ধানমণ্ডির 'নাজ-ই-নূর' ক্লিনিকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ক্লিনিকে লাশ ফেলে রেখে স্বামী কামাল হোসেন পালিয়ে যান। পরে পুলিশ লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তন্বীর বাড়ি কুষ্টিয়ায়। চার বছর আগে কামালের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আমিশা নামে দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
নিহতের ভগ্নীপতি মাহফুজুল আজিজ অভিযোগ করেন, তন্বীর মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায়ী স্বামী কামাল হোসেন প্রায়ই তাকে টাকার জন্য চাপ দিতো। শুক্রবারও একই কারণে তাকে মারধর করা হয়।
মাহফুজুল জানিয়েছেন তন্বীর বাবা কাজী সাইফুল আজম কুষ্টিয়া শহরের কাশেম ক্লিনিক ও সনো হাসপাতালের পরিচালক পর্ষদের একজন। সে অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতের মামাতো বোন। ঢাকায় তন্বী স্বামীর সঙ্গে পশ্চিম ধানমণ্ডির মধুবাজারের ২০৬/বি বাসার দ্বিতীয় তলায় থাকতেন।
তন্বীর মামা আামিনুল ইসলাম বাদি হয়ে কামালকে আসামি করে ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গলার ডান পাশে দুই ইঞ্চি পরিমাণ ছড়ে যাওয়ার দাগ ও থেতলানোর উল্লেখ করা হয়েছে। এছাড়া গলায় আরও জখম পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/১৮৫৬ঘ.
bdnews24