২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, "চিকিৎসা কার্যক্রমকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

যশোর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, "চিকিৎসা কার্যক্রমকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।" বৃহস্পতিবার দুপুরে যশোরের পদ্মবিলা কমিউনিটি ক্লিনিক চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, যশোরের বিল হরিণায় মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। অবকাঠামো তৈরির কাজ শিগগিরই শুরু করা হবে। যশোর আড়াইশ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম চালুর বিষয়টি এখন 'সময়ের ব্যাপার' বলে জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অচিরেই রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- স্বাস্থ্য পরিচালক ডা. কাজী শাহাদত হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোশিয়েসনের (বিএমএ) সভাপতি ডা. শেখ বাহারুল আলম, যশোরের সিভিল সার্জন সালাউদ্দিন খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আতিকুর রহমান, ডা. কামরুল ইসলাম, ডা. নিকুঞ্জবিহারী প্রমুখ। দুপুরে খূলনা সিটি করপোরেশন মিলনায়তনে হিব ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন ডা. রুহুল কুদ্দুস। ইনজেকশনের মাধ্যমে দেওয়া এ টিকা ডিপথেরিয়া, ধনুস্টংকার, হুপিংকাশি, ইনফ্লুয়েঞ্জা ও হেপাটাইটিস-বি- এ পাঁচটি রোগের বিরুদ্ধে শিশুকে সুরক্ষা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.