২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জনতা-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিলস বাজার এলাকায় বুধবার জনতা-পুলিশে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ১২ রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

নীলফামারী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিলস বাজার এলাকায় বুধবার জনতা-পুলিশে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ১২ রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে। আহতদের মধ্যে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধি জুয়েল আহমেদ, এটিএন বাংলার রতন সরকার ও দিগন্ত টিভির আব্দুল গফুর এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আমির হামজা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস দারোয়ানী টেক্সটাইল মিলস বাজার এলাকায় একটি রিকশা-ভ্যানকে ধাক্কা দেয়। এতে সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল জব্বার রব্বানী (১৬) ভ্যান থেকে ছিটকে পড়েন এবং একই সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নীলফামারী পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতা তাদের ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও ১২রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে। উপ-পরিদর্শক আমির হামজা জানান, জনতার ছোঁড়া ইটের আঘাতে সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের মাথা ফেটে যায়। আহত হন পুলিশের আরও ২০ সদস্য। পুলিশের একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আমির হামজা বলেন, "খবর পেয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।" নীলফামারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, "নিহতের লাশ তার খালাতো ভাই ওবায়দুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি সৈয়দপুর থেকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৫ ঘ.