নোয়াখালী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌর এলাকায় হরিনারায়াণপুর উচ্চ বিদ্যালয়ের ফটক ও দেওয়াল ধসে বুধবার দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে আরিফুল ইসলাম নামের এক ছাত্র।
বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চটপটি বিক্রেতা খোরশেদ আলম (৫০) ও ভ্যান চালক মোহাম্মদ মিঞা (৬০)। তাদের বাড়ি মাইজদি শহরের উত্তর ফকিরপুর গ্রামে।
আহত আরিফুল ইসলামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সকাল ১১টার দিকে প্রাথমিক বিদ্যালয়ের বই নিয়ে একটি ট্রাক হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ঢোকার সময় ফটকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফটক ও দেওয়াল ধসে পড়লে খোরশেদ আলম ও মোহাম্মদ মিঞা দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওই স্কুলের ছাত্র আরিফুল ইসলাম গুরুতর আহত হন।
ঘটনার পর দমকল ও পুলিশ উদ্ধার কাজ চালায়। জেলা প্রশাসক মো. আব্দুল হক ঘটনারস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, "ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর বিকেলে নিহতদের লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৫৫ ঘ.
bdnews24