ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) চেয়ারপারম্যান পদে সাবেক উপদেষ্টা আইয়ুব কাদরীকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ আইয়ুব মিয়াকে একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এসএমইএএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন আইয়ুব কাদরী।
অপরদিকে মোহাম্মদ আইয়ুব মিয়া পানিসম্পদ মন্ত্রণালয়ের আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি চাকরিতে লিয়েন রেখে চুক্তিভিত্তিতে এ পদে যোগ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কথাও জানানো হয়েছে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় এসএমই ফাউন্ডেশন কাজ করছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ ৪ জনকে নিয়োগ দেয় সরকার। অপর ৯ জন সদস্য বেসরকারি সংস্থা থেকে মনোনীত হয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/২০৫৩ ঘ.
bdnews24