মেহেরপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা গ্রামে মঙ্গলবার জার্জিয়া (৭) নামে এক শিশু খুন হয়েছে।
এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর শেখ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম মোর্শেদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জার্জিয়া তাদের বাড়ির কাছে তমাল নামে তার এক সহপাঠির সঙ্গে খেলছিল। ওই সময় শিয়ালের ভয় দেখিয়ে একই গ্রামের জাহাঙ্গীর ওখান থেকে জার্জিয়াকে অন্য জয়গায় নিয়ে যায়। এরপর দুপুরের দিকে জার্জিয়ার বাড়ি থেকে পাঁচশ গজ দূরের একটি সরিষা ক্ষেতে গ্রামবাসীরা তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রক্তমাখা জামাসহ জাহাঙ্গীরকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ কর্মকর্তা বলেন, "শিশুটির বাবা জিয়াউদ্দিন বিদেশে থাকে। এ অবস্থায় তার মায়ের সঙ্গে আটক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।"
কিন্তু বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান আলী ও ঝাঁঝা গ্রামের লোকজন এ ধারনা ঠিক নয় বলে মনে করে।
চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, "শিশুটিকে ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হতে পারে।"
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনেন্দ্র নাথ সরকার এবং পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24