নাটোর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - নাটোর সদর ও লালপুর উপজেলায় সোমবার রাতে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
সদর উপজেলায় নিহত ব্যবসায়ীর নাম বিধান চন্দ্র মণ্ডল (২২)। নাটোর শহরের একটি মহল্লা পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
লালপুরে নিহতের নাম মহসিনুল ইসলাম। তিনি গোসাইপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, নাটোর পৌরসভার ঝাউতলা মোড়ের মুদি ব্যবসায়ী বিধান বেচাকেনা শেষে সোমবার রাতে শহরে বেড়াতে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার একটি ফসলি জমিতে তার মৃতদেহ দেখতে পায়। স্থানীয় ওয়ার্ড কমিশনার জাহিদুর রহমান খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ময়না তদন্তের জন্য বিধানের লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও তিনি জানান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার রাত ৯টায় উপজেলার গোসাইপুর গ্রামের ব্যবসায়ী মহসিনুল মোবাইল ফোনে খবর পেয়ে পার্শ্ববর্তী পুকন্দগ্রামের নজরুল ইসলামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে স্থানীয় লোকজন পুকন্দ রেলগেটের কাছে মহসিনুল ইসলামকে গুরুতর জখম অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানান।
এ ঘটনায় রাতেই নজরুলের স্ত্রী সাথী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ভাই মুক্তার হোসেন সাথীসহ পাঁচজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।
লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি নজরুল বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24