২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারি থেকেই মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব

আগামী মাস (ফেব্রুয়ারি) থেকেই মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব সরকারের কাছে জমা দিতে হবে। এ বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কর আদায়ে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি বলেছেন, এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 09:45 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাস (ফেব্রুয়ারি) থেকেই মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব সরকারের কাছে জমা দিতে হবে। এ বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কর আদায়ে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি বলেছেন, এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। শপথ নেওয়ার পর মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন অর্থমন্ত্রী। সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "মন্ত্রী ও এমপিদের সম্পদের হিসাব অবশ্যই জাতির সামনে তুলে ধরা হবে। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। "এ মাসে (জানুয়ারি) সময় পেলাম না; কাজেই আগামী মাস থেকে তাদের সম্পদের বিস্তারিত হিসাব সরকারের কাছে জমা দিতে বলা হবে।" কর আদায় অভিযান জোরদার করা হবে জানিয়ে মুহিত বলেন, "আমাদের দেশে অসম্ভব বিত্তশালী কিছু 'রাক্ষস' সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে- তারা কত টাকা ট্যাক্স দেন। যদি কেউ কর ফাঁকি দেয়, তবে তাদের কাছ থেকে ট্যাক্সের টাকা আদায়ের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "কর ফাঁকির তালিকায় যদি আমাদের দলের (আওয়ামী লীগ) কেউ থাকেন, তবে তাকেও রেহাই দেওয়া হবে না। "কেননা আমরা কোনও দলের সরকার নই; দেশের-জনগণের সরকার। একটি দল থেকে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি মাত্র । এই দায়িত্ব জনগণই আমাদের দিয়েছে।" কর খেলাপিদের বিরুদ্ধে এনবিআর এর অভিযান অব্যাহত থাকবে বলে সবাইকে সতর্ক করে দেন অর্থমন্ত্রী। বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের প্রভাব বাংলাদেশে পড়তে পারে- এ আশঙ্কার কথা জানিয়ে মুহিত তা মোকাবেলায় অভ্যন্তরীণ আয় বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কমে যেতে পারে। এ অবস্থায় অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ছাড়া সামনে বিকল্প কোনও পথ খোলা নেই।" এ পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। কর্মকর্তাদের প্রতি তিনি বলেন, "রাজস্ব আদায় বাড়াতে নতুন নতুন খাত চিহ্নিত করতে হবে। করখেলাপিদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা।" করদাতাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্যও কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এআরএইচ/এডি/এমআই/১৪১৬ ঘ.