ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের চাকরিচ্যুত ৫৪ কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এএফএম আবদুর রহমান ও এস এম এমদাদুল হকের বেঞ্চ চাকরিচ্যুত কর্মকর্তা জহির আকতারসহ ৫৪ জনের দায়ের করা ৫৪টি রিট আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে এই রায় দেন।
রায়ে তাদের সব বকেয়া বেতন ও ভাতা প্রদানেরও নির্দেশ দিয়েছে আদালত।
২০০৭ সালের মার্চ মাসে দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর দেয় বিমান কর্তৃপক্ষ। অব্যাহত লোকসান মোকাবেলা পরিকল্পনার অংশ হিসেবে পরে আরও ১৮৭৭ জনকে অবসরে পাঠানো হয় যার প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে।
চাকরিচ্যুতি ও বাধ্যতামূলক অবসর দেওয়ার বৈধতা নিয়ে ২০০৭ সালে রিট মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে সোমবার ৫৪টির ওপর রায় দেয় আদালত।
রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন।
রায়ের পর ব্যারিস্টার নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "কোনো কারণ ছাড়াই এসব কর্মকর্তা ও কর্মচারীকে বিমান বের করে দিয়েছে। হাইকোর্ট চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করে তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছে।"
অপর কৌসুলি সালাউদ্দিন দোলন বলেন, "কোনো কারণ ছাড়া কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না বলে আপিল বিভাগের রায় রয়েছে। কিন্তু বিমান বৈষম্যমূলকভাবে কোন কারণ না দেখিয়ে কাউকে অবসর সুবিধা বেশি দিয়ে, কাউকে কম দিয়ে এবং কাউকে না দিয়ে বিদায় করে দিয়েছে।"
হাইকোর্ট এসব বিষয় বিবেচনা করে চাকরিচ্যুতির আদেশ অবৈধ বলে রায় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাউদ্দিন আরো বলেন, "এই রায়ের ফলে এসব কর্মকর্তা ও কর্মচারী চাকরিতে পুনর্বহাল হবেন। তারা বকেয়া বেতন ভাতা ও সুবিধা পাবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২২১২ঘ.
bdnews24