ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন বিদেশি কোম্পানির কাছ থেকে আরাফাত রহমান কোকো ও সাবেক চার দলীয় জোট সরকারের মন্ত্রীসহ অন্যদের ঘুষ নেওয়ার যে অভিযোগ সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতির নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থাটি সোমবার বলেছে, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে অনুসন্ধান করা হবে।
মার্কিন ও ব্রিটিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই কথিত ঘুষের খবর প্রকাশ হয়েছে।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের একথা জানান।
তবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর নামে সিঙ্গাপুরে গচ্ছিত (প্রায় সাড়ে ১১ কোটি) যে অর্থের সন্ধান ইতিমধ্যে দুদক পেয়েছিল তার পরিমাণ আরো বাড়তে পারে।
হানিফ ইকবাল বলেন, "পত্রপত্রিকায় দেখেছি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কোকোসহ সাবেক বিএনপি সরকারের মন্ত্রী ও অন্যরা ঘুষ হিসেবে সাড়ে ১৩'শ কোটি টাকা নিয়েছেন। এ বিষয়ে দুদক এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই তা তদন্ত করা হবে।"
রোববার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রতিনিধিরা আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে সাবেক চারদলীয় জোট সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে 'ঘুষ' হিসেবে নেওয়া প্রায় সাড়ে ১৩'শ কোটি টাকার সমপরিমাণ অর্থ ফেরত পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চায়।
দুদক মহাপরিচালক আরও বলেন,"নিয়মানুযায়ী এই ধরনের অভিযোগ জেনারেলের অফিস দুদককে জানায়। এরপর কমিশন আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে তদন্ত ও অনুসন্ধান করে। অ্যাটর্নি জেনারেলের অফিস বিষয়টি জানালে দুদক তদন্ত শুরু করবে।"
হানিফ ইকবাল বলেন, "প্রমাণিত তথ্যের বাইরে দুদক কারো নাম প্রকাশ করে না।"
এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধি দলের দুইজন সদস্য সোমবার সকালে দুদক চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রতিনিধি দলের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে-এমন প্রশ্নের জবাবে হানিফ ইকবাল বলেন, "দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী কোনো দুর্নীতির বিষয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা ও তাদের আইনের আওতায় এনে বিচার করার জন্য একে অন্যকে তথ্য দিয়ে সহযোগিতা করার বিধান রয়েছে। এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।"
তিনি বলেন,"সিঙ্গাপুরে কোকোর ব্যাংক হিসেবে যে অর্থ দুদক জব্দ করেছে তার পরিমাণ বাড়তে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। তা শেষ হলেই বিচার প্রক্রিয়া শুরু করা হবে।"
কোকোর নামে সিঙ্গাপুরের একটি ব্যাংকে থাকা 'ঘুষের' অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস গত বৃহস্পতিবার মার্কিন আদালতে একটি অভিযোগ দায়ের করে। এতে কাজ পাইয়ে দেওয়ার জন্য টেলিকম প্রতিষ্ঠান সিমেন্স ও চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয় কোকোর বিরুদ্ধে।
এর আগে গত ১৮ ডিসেম্বর কোকোর নামে সিঙ্গাপুরে গচ্ছিত প্রায় সাড়ে ১১ কোটি টাকা সমমানের অর্থের সন্ধান লাভ এবং তা জব্দ করার কথা জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিঙ্গাপুর সরকার জাতিসংঘের একটি বিধির আওতায় বাংলাদেশকে ওই তথ্য দিয়ে সহায়তা করে।
অবশ্য বিএনপি যুক্তরাষ্ট্রে কোকোর বিরুদ্ধে কথিত ঘুষের অর্থ উদ্ধারে হওয়া মামলাকে 'উদ্দেশ্যমূলক' আখ্যায়িত করেছেন।
গ্যাটকো দুর্নীতি মামলার আসামি কোকো বর্তমানে চিকিৎসার জন্য ব্যাংককে রয়েছেন। ২০০৭ সালের জানুয়ারিতে দেশে জরুরি অবস্থা জারির নয় মাসের মাথায় খালেদা জিয়ার সঙ্গে কোকোকেও গ্রেপ্তার করা হয়। ১০ মাস কারাভোগের পর সরকারের বিশেষ আদেশে 'সাময়িক মুক্তি' পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি।
কোকোর বড় ভাই, বেশ কয়েকটি মামলার আসামি তারেক রহমান জামিনে মুক্তি নিয়ে এখন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৫৬ঘ.
bdnews24