সাতক্ষীরা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক কলেজ ছাত্রকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পুলিশ উপজেলার কাদপুর সীমান্তের দাউদখালী এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহত কলেজ ছাত্র হুমায়ুন কবির ঝন্টু (১৭) যশোরের শারশা উপজেলার গাজিরকায়বা গ্রামের ইউসুফ গাজীর ছেলে। সে কলারোয়া উপজেলার চন্দনপুর কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, সোমবার সকালে কাদপুর সীমান্তের দাউদখালি নামক এলাকার নির্জন মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন- হুমায়ূন কবিরকে বন্ধুরা রোববার সন্ধায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে তার জবাই করা লাশ দাউদখালির মাঠে পড়ে থাকতে দেখে সনাক্ত করে এলাকাবাসী। নিহতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় হুমায়ুন কবিরের বাবা ইউসুফ গাজী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ন কবিরের সহপাঠি শারশার গাজিরকায়বা গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে আব্দুল মজিদ এবং সুজাউদ্দিনের ছেলে আব্দুর রহমানকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫৭ ঘ.
bdnews24