২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনায় বোমা : বিস্ফোরক মামলার শুনানি আবার পিছিয়েছে

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলার শুনানি আবারো পিছিয়েছে আদালত। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ছয় আসামিকে রোববার আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে ২০ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলার শুনানি আবারো পিছিয়েছে আদালত। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ছয় আসামিকে রোববার আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে ২০ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়। ঢাকার মহানগর দায়রা জজ এএনএম বশিরুল্লাহ শুনানির এই নতুন তারিখ দেন। ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় রমনা থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোরক আইন ও হত্যার অভিযোগে দুইটি মামলা করে। ২০০৮ সালের ৩০ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মো. ইউসুফ এই দুই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা দুটিতে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও তার ভাই মওলানা তাজউদ্দিন, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ হুজির ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। দুই মামলার ১৪ আসামির মধ্যে ৬ জন কারাগারে এবং বাকিরা পলাতক। এরমধ্যে হত্যা মামলাটিতে পিন্টু ও তার ভাই তাজউদ্দিনসহ ৮ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় মুফতি হান্নানসহ অন্যান্য আসামিকে ২১ জানুয়ারি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯০৩ঘ.