ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সামরিক শাসনকে বৈধতা দেওয়া সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চার সপ্তাহের জন্য মুলতুবি করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রোববার সরকারের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
সরকার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন সময়ের আবেদন জানান।
অপরপক্ষে ছিলেন আজমালুল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার সিদ্দিকুর রহমান।
ব্যারিস্টার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলটির শুনানি চার সপ্তাহ মুলতুবি করেছে আপিল বিভাগ।"
২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্ট ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করে।
হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট রায়ের অভিমতে বলা হয়।
সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৬৩৩ ঘ.
bdnews24