ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ধাওয়ার মুখে পোশাক কারখানার এক কর্মকর্তা রোববার সকালে উত্তরা থানায় আশ্রয় নেন। এরপর ওই কারখানার বিক্ষুব্ধ কয়েকশ শ্রমিকও থানায় অবস্থান নেয়।
পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ওই কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে থানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ সড়কে শ্রমিক অবস্থানের কারণে ব্যাপক যানজট দেখা দেয়।
'পলমল' নামে ওই কারখানার শ্রমিকদের অভিযোগ, থানায় আশ্রয় নেওয়া কারখানার মহাব্যবস্থাপক আলতাফ হোসেন এক শ্রমিককে মারধর করেছেন।
উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুখ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলমল নামে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আলতাফ হোসেন সকাল ১০টায় থানায় এসে আশ্রয় নেন। এরপরপরই প্রায় ৭০০ শ্রমিক থানা প্রাঙ্গণে এসে অবস্থান নেয়।
সমঝোতার লক্ষ্যে দুপুরে পুলিশের উদ্যোগে কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা থানায় বৈঠকে বসেন।
এসআই ফারুখ সন্ধ্যায় বলেন, "মালিক পক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের বৈঠক সন্ধ্যায় শেষ হয়। মালিক পক্ষ আলতাফ হোসেনকে ওই কারখানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালে শ্রমিকরা তা মেনে নেয়।"
পলমল কারখানাটি উত্তরা থানা থেকে প্রায় আধা কিলোমিটার দুরে ৭ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথে অবস্থিত।
শ্রমিকরা পুলিশকে জানায়, মহাব্যবস্থাপক আলতাফ প্রায়ই শ্রমিকদের সঙ্গে অশোভন আচরণ করে। রোববার সকাল ৯টার দিকে তিনি একজন নারী শ্রমিককে মারধর করলে অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে।
পুলিশ কর্মকর্তা ফারুখ বলেন, "শ্রমিক অসন্তোষের এক পর্যায়ে আলতাফ হোসেন গোপনে কারখানা থেকে বেরিয়ে এসে থানায় আশ্রয় নেন। এ খবর পেয়ে শ্রমিকরাও থানায় চলে আসে।"
তবে আলতাফ হোসেন পুলিশকে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
পুলিশ কর্মকর্তা ফারুখ বলেন, "আলতাফ হোসেন বলেছেন, শ্রমিকরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। কোনও শ্রমিকের গায়ে তিনি হাত তোলেননি।"
আলতাফ হোসেনের দাবি, কর্তব্যে অবহেলাসহ নানা অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে গেলেই শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/১৯১১ ঘ.
bdnews24