২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক দল নেতা খুন

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় শনিবার রাতে খোকন মাঝি নামে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় শনিবার রাতে খোকন মাঝি নামে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। নিহত খোকন নির্মাণ শ্রমিক দলের পাহাড়তলী শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমানের নির্বাচন পরিচালনা কমিটির রামপুর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়কও ছিলেন তিনি। ওই নির্বাচনে পরাজিত সাবেক মন্ত্রী নোমানের দাবি, আওয়ামী লীগের কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী কর্মকাণ্ডের জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার হয়েছেন খোকন মাঝি।" তবে এ বিষয়ে আওয়ামী লীগের কোনও প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাত ১০টার দিকে ছোটপুলের বাসা থেকে খোকন মাঝিকে কয়েকজন যুবক ডেকে স্থানীয় বাদশা মিয়ার ইটের ভাটায় নিয়ে যায়। সেখানে তাকে রড ও লাঠি দিয়ে বেদম পেটায়।" আহত খোকনকে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মিনারা বেগম বাদি হয়ে সাতজনকে আসামি করে রোববার হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওসি হুমায়ুন কবীর বলেন, "খোকন মাঝি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহের কাজ করতেন। শ্রমিক সরবরাহ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।" থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিনারা বেগমের দায়ের করা এজাহারে বলা হয়েছে, কয়েকজন নির্মাণ শ্রমিক খোকনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।" হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছোটপুল এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। তারা হলেন- মোহাম্মদ মুরাদ, ইদ্রিস ও বেলাল শেখ। এরা সবাই নির্মাণ শ্রমিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪১৪ ঘ.