ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনে নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সোমবার। ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
মহাজোট প্রার্থী, গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের মৃত্যুর কারণে এ আসনে নির্বাচন গত ২৯ ডিসেম্বর হয়নি। ওই দিন জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন হয়।
সোমবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এইচএম ইব্রাহীম; ধানের শীষ প্রতীক নিয়ে চারদলীয় জোটের মনোনয়নে নির্বাচন করছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেও তিনি ইব্রাহীমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
ইসির উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
শনিবার রাত ১২টা থেকে ১২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নির্বাচনী এলাকায় সকল ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ করেছে ইসি।
নোয়াখালী-১ আসনে অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের আব্দুর রহিম (হাত পাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) দ্বীন মোহাম্মদ ভূঁইয়া (তারা), কৃষক-শ্রমিক জনতা লীগের মো. আমীন উল্লাহ (গামছা), খেলাফত আন্দোলনের মো. জিয়াউল হক (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোশারফ হোসেন (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. হারুন রশিদ (মশাল) এবং স্বতন্ত্র প্রার্থী খন্দকার আল আমিন (তালা) ও গোলাম মাওলা (আনারস)।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪০৭ জন।
২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬২টি আসন পেয়ে ইতোমধ্যে সরকার গঠন করেছে। তাদের রাজনৈতিক প্রতিপক্ষ চারদলীয় জোট পেয়েছে ৩২টি আসন।
আগামী ২৫ জানুয়ারি নবম সংসদদের প্রথম অধিবেশন বসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24