ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য।
ওই পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ কর্মীরা চাঁদার দাবিতে এ হামলা চালায়। তবে পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের 'মারামারিতে' দুজন আহত হয়েছে।
আহতদের মধ্যে আফজাল উদ্দীন (৫০), তার বড় ভাই ইসলামউদ্দীন (৫৫) ও ইসলামউদ্দীনের ছেলে রায়হানকে (২৫) শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হরিনগরে।
কেন্দুয়া থানা পুলিশ বলছে, 'মারামারিতে' অন্য পক্ষের ইয়াসিন নামে এ ব্যক্তি আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আফজাল ও ইসলামের চাচাত ভাই মজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আফজাল বাজারে যাওয়ার সময় আওয়ামী লীগের কয়েকজন কর্মী তার পথরোধ করে। তারা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করলে আওয়ামী লীগ কর্মীরা আফজালকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে মজিবুর জানান। এ সময় ইসলাম ও রায়হান ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্ঞানেন্দ্র মোহন শিকদার বলেন, "আফজাল ও ইয়াসিনের পরিবারের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে দুপুরে তাদের মধ্যে মারামারি হয়। এতে আফজাল ও ইয়াসিন আহত হন।"
এদের মধ্যে আফজাল বিএনপির এবং ইয়াসিন আওয়ামী লীগ সমর্থক বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, "ইয়াসিনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফজালকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শুনেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/
bdnews24