২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবর্ধনা নেওয়ার সময় এখনও আসেনি: দীপু মনি

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার নিজ এলাকা চাঁদপুরে গিয়ে ডা. দীপু মনি বলেছেন, তিনি এখন কোনও সংবর্ধনা চান না। যদি চাঁদপুর এবং দেশের জন্য কোনও কাজ করতে পারেন, তবেই যেন তাকে সংবর্ধনা দেওয়া হয়। চাঁদপুরের মেয়ে দীপু মনি মন্ত্রী হিসেবে শুক্রবারই প্রথম এলেন নিজ এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

আল ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার নিজ এলাকা চাঁদপুরে গিয়ে ডা. দীপু মনি বলেছেন, তিনি এখন কোনও সংবর্ধনা চান না। যদি চাঁদপুর এবং দেশের জন্য কোনও কাজ করতে পারেন, তবেই যেন তাকে সংবর্ধনা দেওয়া হয়। চাঁদপুরের মেয়ে দীপু মনি মন্ত্রী হিসেবে শুক্রবারই প্রথম এলেন নিজ এলাকায়। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নেওয়া তার। আর প্রথমবারেই নির্বাচিত। আর মন্ত্রিসভায় স্থান পেয়েই একেবারে পররাষ্ট্র দপ্তর পেয়েছেন দীপু মনি। দেশের প্রথম এই নারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক টাস্কফোর্স গঠনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন। জানালেন, দেশের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট হবে- কারও সঙ্গে বৈরিতা নয়। মহাজোট প্রার্থী হয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির দুই বারের সাংসদ জিএম ফজলুল হককে এবার ১৮ হাজার ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক দীপু মনি। গত ৬ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুই দিন পর শুক্রবার নিজ এলাকা চাঁদপুর আসেন দীপু মনি। সকালে তিনি সরকারি ডাক বাংলোয় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। দীপু মনি বলেন, "সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ কোনও রাজনৈতিক কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না। এগুলো দমনে আঞ্চলিক টাস্কফোর্স গঠনের কথা বলে হয়েছে। এ বিষয়ে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করব।" নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের পররাষ্ট্র নীতি হবে- কারও সঙ্গে বৈরিতা নয়। সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই আমাদের পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য হবে। এ ক্ষেত্রে সারা বিশ্বের যেখানে যেখানে সহযোগিতার প্রয়োজন, তা চাওয়া হবে।" আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার সক্রিয় থাকবে- জানিয়ে দীপু মনি বলেন, "শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়; দেশ ও রাজনৈতিক প্রয়োজনে এবং জনগণের কল্যাণে যা যা করা দরকার আমাদের সরকার তার সবই করবে।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে দিনবদলের যে কর্মসূচি ঘোষণা করেছেন, জনগণের সহায়তা নিয়ে তা বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।" নতুন মন্ত্রীকে স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হলে দীপু মনি বলেন, "আপনাদের এই ফুল আমি শুধু শুভেচ্ছা হিসাবে নিচ্ছি। আমি কোনও সংবর্ধন নেব না। সংবর্ধনা নেওয়ার সময় এখনও আসেনি। "আপনাদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সে সুবাদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছি। চাঁদপুরবাসীর কাছে আমি ঋণী। কিন্তু চাঁদপুরবাসীকে আমি এখনও কিছু দিতে পারিনি। যদি চাঁদপুর ও দেশের মানুষের উন্নয়নে অবদান রাখতে পারি, সেদিন চিন্তা করে দেখবেন- আমাকে সংবর্ধনা দেওয়া যায় কিনা।" ডাক বাংলো থেকে দীপু মনি মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য 'চাঁদপুর অঙ্গীকার' এ ফুল দেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এবং চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পাটওয়ারীর কবর জিয়ারত করেন। পরে তিনি সদর উপজেলার রামপুর ইউনিয়নে নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। দীপু মনি দুপুরে হাইমচরে নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৪ ঘ.