ভোলা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে বৃহস্পতিবার ভোররাতে কয়েকজন মুখোশধারী যুবক তিন ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের কাছে প্রায় নয় লাখ ছিল।
পরে দুপুরে পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুসলিম মাল, জাহাঙ্গীর হোসেন, নুরু মিয়া, অলি মাঝি, ইদ্রিস, গামা সিরাজ, জাফর ও বাবুল।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে লঞ্চ থেকে নামার পর ওই তিন ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইয়ের সময় একজনের মুখোশ খুলে গেলে ব্যবসায়ীরা তাকে চিনে ফেলেন।
পুলিশকে জানানোর পর দুপুরে আটজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ হাজার টাকা।
ছিনতাইয়ের শিকার কবির বেপারী, সহিদ বেপারী ও সাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, তারা ঢাকা মাছ ও সুপারি বিক্রি করে প্রায় নয় লাখ টাকা নিয়ে ফিরছিলেন।
ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24