২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলিবিনিময়ের পর দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকায় বুধবার সকালে গুলিবিনিময়ের পর শেষে দুই সশস্ত্র ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকায় বুধবার সকালে গুলিবিনিময়ের পর শেষে দুই সশস্ত্র ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ছিনতাইকারী দলের নেতা গোলাম সরোয়ার মিলন (৩২) এবং তার সহযোগী মোহাম্মদ সোহেল (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিবিনিময়কালে ছিনতাইকারী মিলন ও উপ-পরিদর্শক আলমগীর হোসেন আহত হন। আহত মিলনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পুলিশ সদস্যকে দামপাড়া পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার ইলতুতমিশ সাংবাদিকদের জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোলাম সরোয়ার মিলন (৩২) ও তার সহযোগীরা অলঙ্কার মোড় সংলগ্ন সিডিএ মার্কেট এলাকার সোনালী ব্যাংকের সামনে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কমিশনার ইলতুতমিশ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মিলন আহত হয়। অন্য ছিনতাইকারী সোহেলকে ধরতে গেলে উপ-পরিদর্শক আলমগীর আহত হন বলে দাবি করেন তিনি। পুলিশ কর্মকর্তাটি আরও জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে অলঙ্কার ও পাহাড়তলী এলাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের কাছ থেকে ছিনতাই করে আসছিল। ছিনতাইকারী দলের কথিত নেতা মিলনের বিরুদ্ধে সীতাকুণ্ডসহ নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০১৩ঘ.