ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন ইউ আহমেদ মন্তব্য করেছেন, "দেশের জনগণ কখনও সিদ্ধান্ত নিতে ভুল করে না।"
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
চরম রাজনৈতিক গোলযোগের প্রেক্ষাপটে ১/১১ এর পট পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখা জেনারেল মইন বলেন, " ৬৯ সালে ভুল করেনি, ৭১ সালেও ভুল করেনি। সেই জনগণ এবারও ভুল করেনি।"
তিনি বলেন, "২০০৭ সালের ১২ জানুয়ারি বলেছিলাম আগামী দু'বছরের মধ্যে ফেয়ার নির্বাচন দেব। আজ দু'বছর শেষে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছি, এটা আমার চাকরি জীবনের বড় সাফল্য। এই সাফল্য পুরো জাতির।"
মইন বলেন, "আমরা দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছি। এতে ভূতুড়ে ভোটারের সংখ্যা হ্রাস পেয়েছে। মোট ভোটারের মধ্যে ছিল অনেক ভূতুড়ে ভোটার। এটা আমরা দুর করতে সফল হয়েছি।"
নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কেমন, এর জবাবে তিনি বলেন, "আমরা চাই একটি ভালো বাংলাদেশ, মাঝারি আয়ের দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি। মধ্যবর্তী আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বর্তমান সময়ের চেয়ে খুব বেশি এগোনোর প্রয়োজন নেই। "
তিনি দেশের উন্নতির জন্য 'এক নম্বর সম্পদ' মানব সম্পদের উন্নয়নের তাগিদ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এসকে/২২৫৩ঘ.
bdnews24