ঢাকা , জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান থানা এলাকার গুদারাঘাট লেক থেকে মঙ্গলবার সকালে রাহাত হারুণ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুলশান থানার উপ পরিদর্শক গুলশান আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ গুদারাঘাট লেকের পশ্চিম পাড় থেকে পানিতে ভাসতে থাকা একটি লাশ উদ্ধার করে।"
তিনি বলেন, "মৃত যুবকের ভাই আদিব হারুণ পুলিশকে জানিয়েছেন, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় রাহাত হারুণ তার পুরানো ঢাকার বাংলাবাজারের কর্মস্থল থেকে বের হয়ে গুলশানের নিকেতন সোসাইটির বাসায় ফিরে আসেনি। মঙ্গলবার গুদারাঘাটে একটি লাশ পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে তিনি দেখেন লাশটি তার ভাইয়ের।"
তিনি আরও বলেন, "লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১৩৩৭ ঘ.
bdnews24