ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেছেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের।
তিনি বলেছেন, "সরকারি চাকরির বয়সসীমা ৫৭ থেকে ৬৫ তে উন্নীত করা উচিত। তা না করায় রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আমরা অভিজ্ঞ অনেক কর্মকর্তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি।"
রোববার সচিবালয়ের গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে তিনি একথা বলেন।
বয়সসীমা বাড়ানোর বিরোধিতাকারী কনিষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, "এটা মেনে নিন। কারণ এর সুফল আপনারাও পাবেন।"
গোলাম কাদের দেশের স্বার্থে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। গত দুই বছর তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের সময় প্রশাসন পরিচালনায় সহায়তার জন্য কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদও জানান তিনি।
উপদেষ্টা বলেন, "সুশাসন হচ্ছে বড় বিষয়। আমরা বিগত দুই বছর সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেছি। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা পেয়েছি। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।"
সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে তত্ত্বাবধায়ক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪১৬ ঘ.
bdnews24