ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি জানুয়ারি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন।
রোববার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের খবর নিশ্চিত করেছেন।
ইফতেখার চৌধুরী বলেন, "উনি (প্রণব মুখার্জি) জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছেন। তবে সফরের সুনির্দিষ্ট সময় ও কর্মসূচী নির্ধারণ করবে পরবর্তী সরকার।"
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে প্রণব মুখার্জি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের জন্য ভারত সরকারের অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আসছেন।
গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২।
অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পায় ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পায়। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৪টি আসন পেয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের এ বিজয়ে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসে সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আলমগীর মোহাম্মাদ বাবর শেখ হাসিনার বাসায় গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ও তার দলকে বিজয়ী শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/১০৪৭ ঘ.
bdnews24