ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---রাজধানীতে বুধবার গভীর রাতে দ্রুতগতি একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে দুই নৈশপ্রহরী এবং গাড়ির এক আরোহী বিশ্ববিদ্যালয় ছাত্র।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'থার্টি ফার্স্ট' নাইটে বনানীর ইকবাল সেন্টারের এক ব্যবসায়ীর ছেলে তানভিন তার তিন বন্ধুকে নিয়ে প্রাইভেট কারে বেড়াতে বের হন। তানভিন গাড়িটি চালাচ্ছিলেন এবং খালিদ চৌধুরী পাশের সিটে বসা ছিলেন। দাইয়ান ও রুপু নামে বাকী দুজন পেছনের সিটে বসা ছিলেন।
রাত একটার দিকে মহাখালী ফ্লাইওভার থেকে নেমে বিমান বন্দরের দিকে যাওয়ার পথে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।
এতে চাপা পড়ে নৈশ প্রহরী হযরত আলী (৫০), নূরুজ্জামান (৩৫) এবং গাড়ির আরোহী খালিদ চৌধুরী (২৫) ঘটনাস্থলেই নিহত হন। খালিদের বাবা শিল্পপতি মতিউর রহমান। তাদের বাসা জিগাতলায়।
দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন গাড়ির দরজা ভেঙে খালিদকে মৃত অবস্থায় উদ্ধার করে। আরোহী চারজনই সহপাঠী।
হযরত আলী ও নুরুজ্জামানের বাড়ি নেত্রকোনার কলমাকান্দার খাগপাড়া গ্রামে। তারা দুজনেই মহাখালী রেল লাইন বস্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।
দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য দু' আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানা পুলিশ গাড়িটি (ঢাকা মেট্রো গ-১৩-৯৮০৭) আটক করেছে। এ ঘটনায় চেয়ারম্যান বাড়ি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান বাদি হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত নৈশ প্রহরীদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১০ঘ.
bdnews24