ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে কয়েকটি বিতরণকারী প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাইয়ে উন্মুক্ত সভা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১১, ১৩ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় এসব সভায় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে মূল্য বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবে।
বৃহস্পতিবার বিইআরসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ইতোমধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবে ডিপিডিসি ১৪ দশমিক ৭৭ শতাংশ, ওজোপাডিকো ১৫ দশমিক ১৮ শতাংশ এবং ডেসকো ১৪ দশমিক ৭৭ শতাংশ দাম বাড়াতে বলেছে।
বিইআরসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত সভার ওই তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় বিতরণ কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে দাম বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবে।
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সভা অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে নাম তালিকাভুক্ত করে এতে অংশ নিয়ে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মতামত দিতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডও গ্রাহক পর্যায়ে গড়ে ১১ দশমিক ৫২ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছে। তবে যাচাই-বাছাই শেষে এতে অসম্পূর্ণতা পেলে কমিশন পরের সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২০০৫ঘ.
bdnews24