২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশনের বক্তব্য উদ্দেশ্যমূলক: দুদক মহাপরিচালক

ট্রুথ কমিশন 'উদ্দেশ্যমূলকভাবে' দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রুথ কমিশন 'উদ্দেশ্যমূলকভাবে' দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। ট্রুথ কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে ট্রুথ কমিশনে আসা মামলাগুলোর অর্ধেকেরই তদন্তে অস্পষ্টতা রয়েছে। দুদকের মহাপরিচালক বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে পাল্টা অভিযোগ করে বলেন, "যেহেতু অভিযুক্ত ও অভিযোগকারীর বক্তব্য শোনার অবকাশ সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) ছিল না বা তারা তা শোনেন নাই, সেহেতু তারা একপক্ষের বক্তব্যের আলোকে অস্বচ্ছ ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলেই ধরে নেওয়া যায়।" বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার সাংবাদিকদের বলেন, দুদকের মামলার ভিত্তিতে কাজ করতে গিয়ে ট্রুথ কমিশন এসব অভিযোগের ব্যাপারে স্পষ্টতা পায়নি। ট্রুথ কমিশনের সদস্য আসিফ আলি বুধবার বলেন, "কমিশনে যেসব মামলা এসেছে তার ৮০ ভাগই ছোটখাটো। কেউ হয়তো ২০০ টাকার জন্য তিন মাস কারাভোগের পর দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ট্রুথ কমিশনে এসেছেন। অনেকে আবার টাকা না থাকায় ঢাকায় এসে ট্রুথ কমিশনের বারান্দায় রাত কাটিয়েছেন।" এর জবাবে দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেন, "দুদক হয়রানিমূলক কার্যকলাপে বিশ্বাস করে না। দুদকের কয়েকটি মামলা সম্পর্কে অনাকাঙ্খিত মন্তব্য করা হয়েছে। ওইসব মামলা সম্পর্কে দুদক থেকে তথ্য চাওয়া হয়নি এবং বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।" দুর্নীতি দমন কমিশনে অভিযুক্ত যেসব ব্যক্তি ট্রুথ কমিশনে গেছেন তাদের বিরুদ্ধে দুদক আবার মামলা চালাবে কি না জানতে চাইলে হানিফ ইকবাল বলেন, "এ বিষয়ে কমিশন এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি।" হানিফ ইকবাল বলেন দুদক আগামী সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "আমরা আশা করি, গণরায়ে নির্বাচিত সরকার দুর্নীতি দমনে আগ্রহী হবেন এবং এর ফলে দুর্নীতি দ্রুত স্তিমিত হয়ে পড়বে।" আওয়ামী লীগের নির্বাচিত সাংসদদের বিরুদ্ধে মামলা থাকলে সেগুলো চলবে কি না- এ প্রশ্নের জবাবে কর্নেল ইকবাল বলেন, "কমিশন এখনও নীতি পরিবর্তনের কোনও আভাস দেয়নি বা নীতি পরিবর্তনের সিদ্ধান্ত জানায়নি।" ভাবী প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো চলবে কি না জানতে চাইলে হানিফ ইকবাল বলেন, "এ বিষয়েও আমার জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এসকে/১৯৪২ঘ.