ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগের শেষ কর্মদিবসে মঙ্গলবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার অন্য যে কোন বছরের তুলনায় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কাজের চাপ ছিল অনেক কম। দর্শনার্থীদের আনাগোনাও তেমন দেখা যায়নি।
কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগের আশা ছিল ঈদকে ঘিরে এদিন সরকারি ছুটি থাকবে। কিন্তু তা না হওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অনেকে।
সচিবালয়ের হাজিরার তথ্য অনুযায়ী মঙ্গলবার সচিবালয়ের আটটি ভবনের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গড় উপস্থিতির হার ছিল প্রায় ৫০ শতাংশ। তবে পুরুষদের তুলনায় নারী কর্মীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম ছিল।
সকাল ৯টায় সচিবালয়ে ঘুরে দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে তখনো আসেননি। তবে সময় গড়ানোর সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।
সকালে বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপদেষ্টাদের মধ্যে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান চট্টগ্রামে ও কৃষি উপদেষ্টা সি এস করিম চীনে রয়েছেন। এছাড়া অসুস্থ থাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সচিবালয়ে আসেননি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে পার্বত্য চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত রাজা দেবাশীষ রায় দেশের বাইরে থাকায় সচিবালয়ে ছিলেন না। আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ সচিবালয়ে প্রবেশ করেন বেলা ১টার পরে।
এছাড়া অন্য সব উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা যথানিয়মে অফিস করেন। এদের মধ্যে সংস্কৃতি এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি দেখা করেন।
মঙ্গলবার সচিবালয়ে সচিবদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। স্বাস্থ্য সচিব এএমএম নাসিরউদ্দিন ও ধর্ম সচিব আতাউর রহমান অসুস্থ থাকায় সচিবালয়ে আসেননি। এছাড়া মাত্র পাঁচজন সচিব অনুমোদিত ছুটি নিয়ে ঢাকার বাইরে রয়েছেন। বাকি সবাই উপস্থিত ছিলেন।
একজন উপদেষ্টার একান্ত সচিব সাংবাদিকদের বলেন, "অন্য যে কোনো বছরের তুলনায় এবার ঈদের আগে সচিবালয়ে কর্মীদের উপস্থিতি অনেক বেশি। কারণ যারা ঢাকার বাইরে যাননি বা যাবেন না, তারা সবাই অফিস করেছেন। আর যারা ঢাকার বাইরে যাবেন, তারাও সকালে এসে স্বাক্ষর করে উর্ধ্বতন কর্মকর্তাদের 'ম্যানেজ' করে বেরিয়ে গেছেন।"
কর্মকর্তা ও কর্মচারীদের অনেকে মন্তব্য করেছেন, সরকার তিনদিনের ছুটি মঙ্গলবার থেকে শুরু করলেই ভাল করতো। তাহলে তাদের ঝুঁকি নিয়ে অফিস করতে বা ঈদ করতে হতো না। অনেকেই নিশ্চিন্তে ঘরে ফিরতে বা শেষ দিনের কেনাকাটা করতে পারতেন। আর যদি বুধবারই ঈদ হয়, তবে তো অনেকেই গ্রামের বাড়িতে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন না। সেক্ষেত্রে তারা তাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24