চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার স্থায়ী জামিন না পাওয়া আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না- বলেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
মঙ্গলবার বিকেলে নগরীর সার্কিট হাউজে চট্টগ্রামের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, "জামিন দেয়া বা না দেয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। শেখ হাসিনার জামিন না পাওয়া নির্বাচনে বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে না।"
"রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব প্রস্তুতি শেষ করে নির্বাচনে অংশ নেবে বলে সরকার আশা করছে।"
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় থাকার অবকাশ নেই। নির্বাচনী ক্ষেত্র পুরেপুরি তৈরি। রাজনৈতিক দলগুলো জাতিকে এগিয়ে নেয়ার জন্য এ সুযোগ কাজে লাগাবে বলে আমি মনে করি।"
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর প্রধান দুই দলের নেতাদের বাগযুদ্ধ শুরু হওয়াকে ইতিবাচক রাজনীতির পথ থেকে সরে যাওয়া উল্লেখ করে তিনি বলেন, "তবে জনগণের প্রত্যাশা পূরণে দুই প্রধান নেত্রীর সমাধানমুখী দৃষ্টিভঙ্গী রয়েছে।"
নির্বাচনে অংশ নেয়ার জন্য চারদলীয় জোটের পাঁচ দফা কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেন উপদেষ্টা জিল্লুর।
চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা জানান, হাটহাজারীতে চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্পের কাজ একেবারেই শেষ পর্যায়ে। এটি চালু হলে নগরীর পানি সঙ্কট সমাস্যার সমাধান হবে। এছাড়া বৈঠকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ এবং চট্টগ্রাম সিটি কপোরেশন ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে পাওনা পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, জেলা প্রশাসসক আশরাফ শামীম, সিডিএ চেয়ারম্যান শাহ মো. আখতার উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমএইচবি/১৯৫৮ ঘ.
bdnews24