২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরিকোস্টে নিহত সেনা সদস্যদের জানাজা অনুষ্ঠিত

আইভরিকোস্টের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশী সেনা সদস্যের জানাজা মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরিকোস্টের জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশী সেনা সদস্যের জানাজা মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাদের মরদেহ দাফনের জন্য নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা হলেন ল্যান্স করপোরাল মো. জাহাঙ্গীর আলম, সৈনিক মো. আবদুল খালেক ও মো. নুরমিন নুরুল্লা। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও মরহুমদের স্বজনরা জানাজায় অংশ নেন। জানাজা শেষে সেনাপ্রধান নিহতদের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। গ্রামের বাড়িতে পূর্নাঙ্গ সামরিক মর্যাদায় দাফনের জন্য নিহত জাহাঙ্গীর আলমের মৃতদেহ নওগাঁয়, আবদুল খালেকের মৃতদেহ কুষ্টিয়ায় ও নুরমিন নুরুল্লার মৃতদেহ জয়পুরহাটে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সেনা সদস্য ১৯ সেপ্টেম্বর পিকআপে চড়ে আইভরিকোস্টের ডালোয়া থেকে জুয়েনুল্লা যাওয়ার পথে দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাদের আইভরিকোস্টের রাজধানী আবিদজানের একটি হাসপাতালে ভর্তির পর গত ১৯ সেপ্টেম্বর আবদুল খালেক, ২২ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম ও ২৩ সেপ্টেম্বর নুরমিন নুরুল্লা মারা যান। চলতি বছরের জুলাই মাসে এই তিন সেনাসদস্য জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেন। তিন সেনাসদস্যের মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/১৯৩০ ঘ.