ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে এবং এ ক্ষেত্রে জরুরি অবস্থা কোন সমস্যা হবে না বললেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশিদা কে চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ১২০ জন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলেও এই পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জরুরি অবস্থার মধ্যেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে যুক্তরাষ্ট্র মনে করে। তবে এটি নিশ্চিত করতে বড় বড় রাজনৈতিক দলগুলোর সরকারের সঙ্গে একযোগে কাজ করা উচিত।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি হয়েছে কি না এই প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, "সমান্তরাল ক্ষেত্র প্রস্তুতে বেশ অগ্রগতি হয়েছে। আমরা মনে করি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে।"
প্রধান দুই দলের নেত্রীদ্বয়ের বৈঠকে বসার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই নেত্রীকে এক সঙ্গে বসাতে পারলে তা গণতন্ত্রকে সুসংহত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৫০৩ঘ.
bdnews24